
দীপক বিশ্বাস
মায়ের হিসাব মতো, ১৩৫৩ বঙ্গাব্দের বৈশাখে জন্ম। শিক্ষা প্রতিষ্ঠানে পাল্টে গিয়ে হয়েছে ১৬ই আগস্ট, ১৯৫৬। এই ইংরেজী জন্মতারিখটাই সরকারি খাতাপত্রে গৃহীত হয়েছে এবং সর্বত্র মান্যতা পেয়েছে। জন্ম একেবারে অজগাঁয়ে, মুর্শিদাবাদ জেলার নওদা থানার সব্দরনগর গ্রামে। সেটা লেখকের পক্ষে ভালো হয়েছে বলে তিনি মনে করেন। তাঁকে প্রচুর শিখিয়েছে তাঁর গাঁ। বাবার প্রশ্রয়ে রাত জেগে আলকাপ, বোলান, গ্রামীণ যাত্রা, কবিগান, ঝাপান গান শুনেছেন, দেখেছেন। টহান গান, রাখাল ছেলের গান, মাঝি মাল্লার গান, পীরের গান, সারিগান, ভাসান গান, কাহানী ইত্যাদি প্রাত্যহিক সঙ্গী ছিল। এই গাঁ-ই তাঁকে শিক্ষার আলো দিয়েছে, চর্চায় নিয়ে এসেছে। মাকে লখিন্দরের মৃত্যুতে কান্নার সাথে সাথে জাবি গানে হাসান-হোসেনের মৃত্যুতেও আঁচল দিয়ে চোখ মুছতে দেখেছেন লেখক। পাড়ায় লক্ষ্মীপুজোর আসরে রূপবান, সাগরভাষা যাত্রাও হতে দেখেছেন। এসব শিক্ষাই তাঁর পাওয়া। তিনি লিপিবদ্ধ করেছেন মাত্র। প্রায়োজনিক কারণে তিন বিশ্ববিদ্যালয় থেকে নাটক, সাংবাদিকতা এবং গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী নিয়েছেন। স্বচ্ছন্দে জীবন কাটাতে বিদ্যালয়ের গ্রন্থাগারিকের চাকুরি নিয়েছিলেন। এখন অবসরপ্রাপ্ত। ভালোবেসে যুক্ত আছেন মুক্ত থিয়েটার চর্চায়। লোকশিল্পীদের কাছে থাকতে 'সারা বাংলা লোকশিল্পী সংসদ'-এর কর্মী হয়েছেন। তাঁদের কাছে শিখে চলেছেন।
১টি লেখা· ১টি বই