
লোকসংস্কৃতির সদর অন্দর
ISBN: 978-81-955991-4-1
বইটির সম্পর্কে
লোকসংস্কৃতি গ্রাম্যজনের, অতীত যুগের, কৃষকদের, সংহত সমাজের মৌখিক সংস্কৃতি মাত্র নয়। আমাদের দেশে পাশ্চাত্য শাসনের সঙ্গেই ইংরেজদের শিল্প-সংস্কৃতির বিপুল প্রভাব আসে। নগরের ইংরেজি শিক্ষিত মধ্যশ্রেণি এ সমস্ত আঙ্গিক ব্যবহার করে মুদ্রিত সাহিত্য সম্ভারে সমাজকে প্লাবিত করে। অন্যদিকে ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতির ধারাটি বহন করে চলে নিম্নবর্গের লোকসমাজ। প্রাক্ ইংরেজ আমলের ঐতিহ্যগুলি গ্রামে এবং নগরে লোকসংস্কৃতি নামে চিহ্নিত হয়। এবং আমাদের সমাজে এটি এক মূল্যবান জীবন্ত প্রবাহ। শ্রমজীবী লোকসমাজ এগুলির ধারক, বাহক, রচয়িতা। লোকসংস্কৃতির গবেষক দীপক বিশ্বাসের লোকশিল্পী এবং শিল্পকে নিয়ে তাঁর চিন্তাভাবনা, বিচার বিশ্লেষণের লিখিত দলিল এই বইটা। নানান সময়ে বিবিধ প্রথমসারির পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধের সংকলন হলেও বইটার একটা পূর্নাঙ্গ অনুভব আছে; শুধু শিল্পের প্রতি নয়, শিল্পীর প্রতি দরদ তথা শ্রমজীবী লোকসমাজের প্রতি, মেহনতি মানুষের প্রতি তাঁর টান এই অনুভবকে অন্য স্তরে টেনে নিয়ে গিয়েছে। শিল্পের কথা বলতে বলতে তাই তিনি অনাবিল শুনিয়েছেন সেই শ্রমবাস্তব জীবনের কথা। আর তাই তাঁর কলমে লোকশিল্পগুলোও হয়ে উঠেছে জীবনের অভিব্যক্তি, ভীষণ সজীব-জীবন্ত।

লেখক
দীপক বিশ্বাস
মায়ের হিসাব মতো, ১৩৫৩ বঙ্গাব্দের বৈশাখে জন্ম। শিক্ষা প্রতিষ্ঠানে পাল্টে গিয়ে হয়েছে ১৬ই আগস্ট, ১৯৫৬। এই ইংরেজী জন্মতারিখটাই সরকারি খাতাপত্রে গৃহীত হয়েছে এবং সর্বত্র মান্যতা পেয়েছে। জন্ম একেবারে অজগাঁয়ে, মুর্শিদাবাদ জেলার নওদা থানার সব্দরনগর গ্রামে। সেটা লেখকের পক্ষে ভালো হয়েছে বলে তিনি মনে করেন। তাঁকে প্রচুর শিখিয়েছে তাঁর গাঁ। বাবার প্রশ্রয়ে রাত জেগে আলকাপ, বোলান, গ্রামীণ যাত্রা, কবিগান, ঝাপান গান শুনেছেন, দেখেছেন। টহান গান, রাখাল ছেলের গান, মাঝি মাল্লার গান, পীরের গান, সারিগান, ভাসান গান, কাহানী ইত্যাদি প্রাত্যহিক সঙ্গী ছিল। এই গাঁ-ই তাঁকে শিক্ষার আলো দিয়েছে, চর্চায় নিয়ে এসেছে। মাকে লখিন্দরের মৃত্যুতে কান্নার সাথে সাথে জাবি গানে হাসান-হোসেনের মৃত্যুতেও আঁচল দিয়ে চোখ মুছতে দেখেছেন লেখক। পাড়ায় লক্ষ্মীপুজোর আসরে রূপবান, সাগরভাষা যাত্রাও হতে দেখেছেন। এসব শিক্ষাই তাঁর পাওয়া। তিনি লিপিবদ্ধ করেছেন মাত্র। প্রায়োজনিক কারণে তিন বিশ্ববিদ্যালয় থেকে নাটক, সাংবাদিকতা এবং গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী নিয়েছেন। স্বচ্ছন্দে জীবন কাটাতে বিদ্যালয়ের গ্রন্থাগারিকের চাকুরি নিয়েছিলেন। এখন অবসরপ্রাপ্ত। ভালোবেসে যুক্ত আছেন মুক্ত থিয়েটার চর্চায়। লোকশিল্পীদের কাছে থাকতে 'সারা বাংলা লোকশিল্পী সংসদ'-এর কর্মী হয়েছেন। তাঁদের কাছে শিখে চলেছেন।
সব কাজ দেখুন →