সমান্তর (Peer Review Policy)

পর্যালোচনার নীতি ও পদ্ধতি

সূচিপত্র
লেখার আকার

পর্যালোচনার নীতি

  • সমান্তর একটি বৈদ্যুতিন বা আন্তর্জালিক পত্রিকা। এখানে সাহিত্য, ছোট প্রবন্ধ, গবেষণামূলক প্রবন্ধ ও ভিন্নধর্মী অন্যান্য লেখাও প্রকাশিত হয়। পত্রিকাটির লক্ষ্য হলো স্বচ্ছ, নিরপেক্ষ ও উচ্চমানসম্পন্ন সম্পাদকীয় মূল্যায়নের মাধ্যমে মৌলিক ও উৎকৃষ্ট রচনা প্রকাশ করা। গবেষণামূলক প্রবন্ধের ক্ষেত্রে ‘বিশেষজ্ঞ কর্তৃক গোপন পর্যালোচনা’ (Double-blind Peer Review) পদ্ধতি অনুসরণ করা হয়। এই পদ্ধতিতে লেখক ও পর্যালোচক—দুজনের পরিচয়, দুজনের কাছেই গোপন রাখা হয়, যাতে মূল্যায়ন সম্পূর্ণ নিরপেক্ষ হয়।
  • ‘গবেষণামূলক প্রবন্ধ’ ছাড়া পত্রিকার ‘সাহিত্য’ ও ‘প্রবন্ধ’ এই দুটি বিভাগের ক্ষেত্রে—প্রয়োজন অনুসারে বিশেষজ্ঞের মতামত গ্রহণ করা হয়। তবে এক্ষেত্রে আমরা উন্মুক্ত পর্যালোচনা ও এককোটিক পর্যালোচনার সাহায্য নিয়ে থাকি। উন্মুক্ত পর্যালোচনার (Open Peer Review) ক্ষেত্রে লেখক ও পর্যালোচক, দুজনের পরিচয়ই দুজনের কাছে উন্মুক্ত থাকে এবং এককোটিক পর্যালোচনার (Single-blind Peer Review) ক্ষেত্রে লেখক পর্যালোচকের নাম না জানলেও, লেখকের পরিচয় পর্যালোচকের কাছে উন্মুক্ত থাকে।
  • প্রতিটি ‘গবেষণামূলক প্রবন্ধ’-এর ক্ষেত্রে প্রকাশের সময় এই তথ্যটি উল্লেখ করা হবে:

দৃষ্টান্ত

দ্বিকোটিক গোপন পর্যালোচনা পদ্ধতি অনুসৃত

  • ব্যতিক্রমী ক্ষেত্রে স্বনামধন্য ও প্রতিষ্ঠিত গবেষক ও লেখকের ক্ষেত্রে, পর্যালোচনা পদ্ধতির সাহায্য নেওয়া হয় না।
  • পত্রিকার ‘নিয়মিত বিভাগ’-এর ক্ষেত্রে কোনো বিশেষজ্ঞ-পর্যালোচনার সাহায্য নেওয়া হয় না। লেখা প্রকাশের সিদ্ধান্ত সম্পাদনা পর্ষদের হাতেই ন্যস্ত থাকে।

পর্যালোচনার পদ্ধতি

প্রাথমিক সম্পাদকীয় মূল্যায়ন

জমা পড়া প্রতিটি পাণ্ডুলিপি সম্পাদকীয় পর্ষদ প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখে। এই পর্যায়ে নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করা হয়—

  • ‘সমান্তর’ পত্রিকার উদ্দেশ্য ও পরিধির সঙ্গে লেখাটি সামঞ্জস্যপূর্ণ কিনা;
  • ‘সমান্তর’ নির্দেশিত পাণ্ডুলিপি নির্মাণশৈলী অনুসরণ করা হয়েছে কিনা;
  • ভাষা, বানান, ব্যাকরণ ও উপস্থাপনার মান কেমন;
  • গবেষণামূলক প্রবন্ধের শেষে উল্লেখপঞ্জি নির্মাণের ক্ষেত্রে সমান্তর-নির্দেশিত উৎসবিন্যাসরীতি (দ্রষ্টব্য ‘পাণ্ডুলিপি নির্মাণশৈলী’) অনুসরণ করা হয়েছে কিনা;
  • লেখাটি মৌলিক কিনা।

প্রাথমিক পর্যায়ে অনুপযুক্ত বলে বিবেচিত পাণ্ডুলিপি বিশেষজ্ঞের পর্যালোচনায় না পাঠিয়েই প্রত্যাখ্যান (Desk Rejection) করা হতে পারে অথবা প্রয়োজনীয় সংশোধনের জন্য লেখকের কাছে ফেরত পাঠানো হতে পারে।

পর্যালোচক নির্বাচন

গবেষণামূলক প্রবন্ধের জন্য সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের মধ্য থেকে পর্যালোচক নির্বাচন করা হয়। পর্যালোচকদের মূল্যায়ন যাতে নিরপেক্ষ, যুক্তিনির্ভর, গঠনমূলক এবং সম্মানজনক হয় তা নিশ্চিত করার চেষ্টা করা হয়। পর্যালোচকদের কাছে আমরা প্রত্যাশা করি যে তাঁরা—

  • একটি লেখার শক্তি ও সীমাবদ্ধতা স্পষ্টভাবে চিহ্নিত করবেন;
  • প্রয়োজনীয় সংশোধনের জন্য সুস্পষ্ট পরামর্শ দেবেন;
  • ব্যক্তিগত মন্তব্য বা পক্ষপাতমূলক মূল্যায়ন করবেন না;
  • ‘দ্বিকোটিক গোপন পর্যালোচনা পদ্ধতি’-র ক্ষেত্রে কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করবেন।

এই নীতিগুলি অনুসরণ না করলে বা তা থেকে বিচ্যুত হলে ‘সমান্তর’-এর তরফ থেকে উক্ত বিশেষজ্ঞ বা পর্যালোচককে বর্জন করা হয়।

মূল্যায়নের মানদণ্ড

গবেষণামূলক প্রবন্ধ মূল্যায়নের ক্ষেত্রে সাধারণভাবে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচিত হয়

  • প্রবন্ধের মূল বক্তব্য ও বিষয়ের মৌলিকতা;
  • বিষয়বস্তুর গুরুত্ব ও প্রাসঙ্গিকতা;
  • গবেষণা-সমস্যা ও উদ্দেশ্যের স্পষ্টতা;
  • তাত্ত্বিক বা ধারণাগত কাঠামোর যথার্থতা;
  • গবেষণাপদ্ধতি ও তথ্যসংগ্রহের উপযুক্ততা;
  • বিশ্লেষণের গ্রহণযোগ্যতা;
  • ফলাফল উপস্থাপনের স্বচ্ছতা;
  • প্রাসঙ্গিক উদ্ধৃতি/ উৎসের মান;
  • উপসংহারে গৃহীত সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা;
  • ভাষা, বিন্যাস ও সামগ্রিক উপস্থাপনার গুণমান।

অন্যান্য রচনার ক্ষেত্রে বিবেচিত হয়—

  • মৌলিকতা ও সৃজনশীলতা;
  • ভাষাশৈলী ও সাহিত্যিক গুণমান;
  • রচনার কাঠামো;
  • বিষয়বস্তুর গভীরতা ও প্রাসঙ্গিকতা;
  • দৃষ্টিকোণ।

সম্পাদকীয় সিদ্ধান্ত

পর্যালোচকদের মতামত এবং সম্পাদকীয় মূল্যায়নের ভিত্তিতে একটি লেখার ক্ষেত্রে নিম্নলিখিত সিদ্ধান্তগুলোর যে-কোনো একটি গ্রহণ করা হতে পারে—

  • গ্রহণযোগ্য (Accept);
  • সামান্য সংশোধনসাপেক্ষে গ্রহণযোগ্য (Accept with minor revision);
  • ব্যাপক সংশোধনসাপেক্ষ গ্রহণযোগ্য (Accept with major revision);
  • পুনর্মূল্যায়ন করে জমা দিন (Revise and resubmit);
  • প্রত্যাখ্যাত (Rejected)।

চূড়ান্ত প্রকাশ-সংক্রান্ত সিদ্ধান্ত সম্পাদনা পর্ষদ গ্রহণ করবে।

সংশোধিত পাণ্ডুলিপি

সংশোধনের অনুরোধ করা হলে লেখককে নির্ধারিত সময়ের মধ্যে (উল্লেখ করে দেওয়া হবে) সংশোধিত পাণ্ডুলিপি জমা দিতে হবে। প্রয়োজন হলে পর্যালোচকদের মন্তব্য অনুযায়ী কী পরিবর্তন করা হয়েছে তার সংক্ষিপ্ত ব্যাখ্যাও প্রদান করতে হবে।

গোপনীয়তা

পর্যালোচনার জন্য প্রাপ্ত সব পাণ্ডুলিপি গোপন নথি হিসেবে বিবেচিত হবে। লেখক, পর্যালোচক ও সম্পাদকীয় প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং পাণ্ডুলিপির বিষয়বস্তু যথাযথভাবে গোপন রাখা হবে। সম্পাদকীয় অনুমতি ছাড়া কোনো পাণ্ডুলিপি বা তার অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার বা প্রকাশ করা যাবে না।

মৌলিকতা

সমান্তর কুম্ভিলকবৃত্তি (Plagiarism), পুনঃপ্রকাশ (Duplicate Publication) এবং অন্যের মেধাস্বত্ব লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে থাকে। আমাদের দপ্তরে (মেলের মাধ্যমে) জমা হওয়া প্রতিটি লেখা লেখকের নিজস্ব ও মৌলিক রচনা হতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথ তথ্যসূত্র ও উদ্ধৃতি প্রদান করতে হবে। গবেষণামূলক প্রবন্ধের ক্ষেত্রে লেখার শেষে বিন্যস্ত ‘উল্লেখপঞ্জি’ না থাকলে প্রবন্ধটি প্রকাশের জন্য বিবেচিত হবে না।

নীতিমালার প্রয়োগ

এই পর্যালোচনা-নীতিমালা ‘সমান্তর’ পত্রিকায় জমা হওয়া সব গবেষণামূলক প্রবন্ধ এবং সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত অন্যান্য সব রচনার ক্ষেত্রে প্রযোজ্য। পত্রিকার মান ও প্রকাশনা-প্রক্রিয়ার উন্নয়নের স্বার্থে সম্পাদনা পর্ষৎ প্রয়োজন অনুসারে এই নীতিমালার সংশোধন, সংযোজন বা পরিমার্জনের অধিকার রাখে।