প্রকাশনা নীতি
সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, দর্শন, বিজ্ঞান ও পরিবেশ—ইত্যাদি বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ চিন্তা ও চর্চার একটি যৌথ পরিসর হল ‘সমান্তর’। এটি মুখ্যত বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচিত একটি আন্তর্জালিক পত্রিকা। সমান্তরের প্রকাশক ‘প্যারালাল প্রেস’ মৌলিক ও দায়িত্বশীল প্রকাশনাচর্চায় বিশ্বাসী।
লেখা প্রকাশের শর্ত
- পাণ্ডুলিপিটি সম্পূর্ণ বা আংশিকভাবেও কোথাও পূর্ব-প্রকাশিত হলে চলবে না।
- একই পাণ্ডুলিপি একযোগে অন্য কোনো পত্রিকা, জার্নাল বা প্রকাশনা-প্রতিষ্ঠানে বিবেচনাধীন রাখা যাবে না।
- রচনাটি অবশ্যই ‘সমান্তর’-এর উদ্দেশ্য, পরিধি এবং পাণ্ডুলিপি নির্মাণশৈলী বিষয়ক নির্দেশিকা অনুসরণ করে তৈরি করতে হবে।
লেখক
- যৌথ রচনার ক্ষেত্রে একজন যোগাযোগকারী লেখক (corresponding author) সম্পাদকীয় দপ্তরের সঙ্গে সকল যোগাযোগ রক্ষা করবেন এবং প্রয়োজনীয় তথ্য, সংশোধন ও সহলেখকদের সম্মতির বিষয়টি নিশ্চিত করবেন। প্রথম লেখককেই ‘সমান্তর’ সবসময় যোগাযোগকারী লেখক হিসেবে গণ্য করবে।
- গবেষণা বা রচনার বৌদ্ধিক প্রস্তুতিতে উল্লেখযোগ্য অবদান নেই, এমন কেউ লেখক হিসেবে গণ্য হবেন না। পাণ্ডুলিপি জমা দেওয়ার পর লেখক-ক্রমে কোনো পরিবর্তন আনা যাবে না।
- প্রকৃত অবদানকারীকে লেখক হিসেবে স্বীকৃতি না দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে।
লেখকের দায়িত্ব
লেখক নিশ্চিত করবেন যে—
- জমা দেওয়া রচনাটি তাঁর/তাঁদের মৌলিক সৃষ্টি;
- লেখাটির মধ্যে যথাযথ উদ্ধৃতি এবং লেখাটির শেষে যথাযথ তথ্যসূত্র ও স্বীকৃতি প্রদান করা হয়েছে;
- অন্য লেখকের/ চিন্তকের মেধাস্বত্ব বা কপিরাইট লঙ্ঘন করা হয়নি;
- গবেষণামূলক রচনার ক্ষেত্রে ব্যবহৃত তথ্য, ব্যাখ্যা ও বিশ্লেষণ যথাসম্ভব নির্ভুল এবং গবেষণার নৈতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ;
- প্রকাশের জন্য জমা দেওয়ার আগে সব সহলেখকের সম্মতি নেওয়া হয়েছে (সহলেখক থাকলে)।
কপিরাইট ও প্রকাশের অনুমতি
- লেখক তাঁর রচনার মেধাস্বত্বের অধিকারী থাকবেন, যদি না পৃথক কোনো চুক্তিতে অন্যকিছুর উল্লেখ থাকে।
- প্রকাশের জন্য পাণ্ডুলিপি জমা দেওয়ার মাধ্যমে লেখক ‘সমান্তর’-কে রচনাটি বৈদ্যুতিন বা অন্যান্য আন্তর্জালিক মাধ্যমে প্রকাশ, সংরক্ষণ ও প্রচারের অনুমতি প্রদান করছেন।
প্রকাশনা-নীতি
‘সমান্তর’ কুম্ভিলকবৃত্তি, পুনঃপ্রকাশ, তথ্য জালিয়াতি, আত্ম-কুম্ভিলকবৃত্তি এবং অন্যান্য প্রকাশনা সংক্রান্ত অসদাচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে থাকে। এ-সংক্রান্ত বিস্তারিত বিধান কুম্ভিলকবৃত্তি বিষয়ক নীতি এবং পর্যালোচনার নীতি ও পদ্ধতি-তে বর্ণিত হয়েছে।
দায়-দায়িত্ব
পত্রিকায় প্রকাশিত প্রতিটি রচনার মধ্যে উক্ত মতামত, তথ্য, বিশ্লেষণ ও সিদ্ধান্তের দায় সম্পূর্ণভাবে লেখকের নিজের। প্রকাশিত রচনার বিষয়বস্তুর জন্য সম্পাদনা পর্ষদ বা প্রকাশক আইনগত বা নীতিগতভাবে দায়ী থাকবেন না; তবে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সম্পাদনা পর্ষদ সাধ্যানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অনৈতিক কর্মকাণ্ড
নিম্নলিখিত অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়—
- কুম্ভিলকবৃত্তি (Plagiarism): অন্যের রচনা, ধারণা, ভাব, তথ্য বা ভাষা যথাযথ স্বীকৃতি ছাড়া নিজের নামে ব্যবহার করা।
- স্ব-কুম্ভিলকবৃত্তি (Self-plagiarism): নিজের পূর্বে প্রকাশিত রচনার উল্লেখযোগ্য অংশ যথাযথ উল্লেখ বা অনুমতি ছাড়া পুনর্ব্যবহার করা।
- গবেষণার তথ্য জাল করা (Data Fabrication): অস্তিত্বহীন তথ্য বা ফলাফল তৈরি করে গবেষণায় উপস্থাপন করা।
- গবেষণার তথ্য বিকৃতি (Data Falsification): বিদ্যমান তথ্য, উপাত্ত বা গবেষণার ফল ইচ্ছাকৃতভাবে পরিবর্তন, গোপন বা বিকৃত করা।
- দ্বৈত প্রকাশ (Duplicate Publication): একই বা প্রায় একই লেখা একাধিক প্রকাশনায় প্রকাশ করা বা প্রকাশের জন্য উপস্থাপন করা।
- একযোগে একাধিক পত্রিকায় পাণ্ডুলিপি জমা (Simultaneous Submission): একই পাণ্ডুলিপি একই সময়ে একাধিক পত্রিকার সম্পাদকীয় বিবেচনার জন্য পাঠানো।
- গোপন লেখকত্ব (Ghost Authorship): প্রকৃত অবদানকারীকে লেখক হিসেবে স্বীকৃতি না দেওয়া।
- অনধিকার লেখকত্ব (Gift Authorship): প্রকৃত অবদান না থাকা সত্ত্বেও কাউকে লেখক হিসেবে অন্তর্ভুক্ত করা।
- উদ্ধৃতি-কারসাজি (Citation Manipulation): কৃত্রিমভাবে উদ্ধৃতির সংখ্যা বৃদ্ধি বা সম্পাদকীয় সিদ্ধান্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে অপ্রয়োজনীয় বা অনুপযুক্ত উদ্ধৃতি ব্যবহার করা বা উদ্ধৃতিটি নিজের সিদ্ধান্তের পক্ষে ব্যবহার করার জন্য ইচ্ছাকৃতভাবে বিকৃত করা।
- সম্পাদকীয় বা পর্যালোচনা-প্রক্রিয়াকে প্রভাবিত করার যে-কোনো অনৈতিক প্রচেষ্টা: সম্পাদক, পর্যালোচক বা সম্পাদকীয় সিদ্ধান্তকে অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা।
নীতিমালার প্রয়োগ
প্রকাশনা সংক্রান্ত এই নীতিগুলি ‘সমান্তর’-এ প্রকাশের জন্য জমা দেওয়া সব পাণ্ডুলিপির ক্ষেত্রে প্রযোজ্য। পত্রিকার মানোন্নয়ন, আইনগত প্রয়োজন এবং আন্তর্জাতিক প্রকাশনা-নীতির পরিবর্তনের প্রেক্ষিতে সমান্তরের সম্পাদনা পর্ষদ এই নীতিমালার সংশোধন বা পরিমার্জনের অধিকার রাখে।