সমান্তর (Editorial Ethics)

সম্পাদনা নীতি

লেখার আকার

‘সমান্তর’ প্যারালাল-এর অন্তর্ভুক্ত একটি অলাভজনক সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাভিত্তিক আন্তর্জালিক পত্রিকা। এই পত্রিকার সম্পাদনা পর্ষদের মূল লক্ষ্য হলো—স্বচ্ছতা ও বৌদ্ধিক সততার সঙ্গে প্রকাশনার আন্তর্জাতিক মান অনুসরণ করা এবং উচ্চমানসম্পন্ন রচনা নির্বাচন ও তার প্রকাশ নিশ্চিত করা। সমান্তরের সম্পাদনা পর্ষদ আন্তর্জাতিক প্রকাশনার মানদণ্ড অনুসারে স্বীকৃত নীতিমালা, বিশেষত Committee on Publication Ethics (COPE)-এর মূলনীতি অনুসরণ করার চেষ্টা করে (দ্র. https://publicationethics.org/)।

সম্পাদকীয় স্বাধীনতা

সম্পাদকীয় সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সম্পাদনা পর্ষদের স্বাধীন বিচার-বিবেচনার ভিত্তিতে গৃহীত হবে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, অর্থনৈতিক সহযোগী, সমান্তরের প্রকাশক, বিজ্ঞাপনদাতা বা অন্য কোনো বাহ্যিক প্রভাব সম্পাদকীয় সিদ্ধান্তকে প্রভাবিত করে না। কোনো পাণ্ডুলিপির মূল্যায়ন করার ক্ষেত্রে কেবল তার গুণমানকেই গুরুত্ব দেওয়া হয়।

সম্পাদকদের দায়িত্ব

  • প্রকাশের জন্য জমা পড়া প্রতিটি পাণ্ডুলিপির প্রাথমিক সম্পাদকীয় মূল্যায়ন সম্পন্ন করা।
  • প্রয়োজন অনুযায়ী উপযুক্ত বিশেষজ্ঞ/ পর্যালোচকের কাছে পাণ্ডুলিপি প্রেরণ করা।
  • সম্পাদক এবং পর্যালোচকদের সিদ্ধান্ত গ্রহণে বাহ্যিক প্রভাব সৃষ্টি না করা এবং যথাসম্ভব নিরপেক্ষতা বজায় রাখা।
  • সম্পাদকীয় প্রক্রিয়ার প্রতিটি স্তরে গোপনীয়তা রক্ষা করা।
  • অপ্রকাশিত পাণ্ডুলিপির কোনো তথ্য ব্যক্তিগত গবেষণা বা অন্য কোনো উদ্দেশ্যে যাতে সম্পাদনা পর্ষদ বা বিশেষজ্ঞদের কেউ ব্যবহার না করেন তা নিশ্চিত করা।
  • প্রকাশনা-নীতি লঙ্ঘনের অভিযোগ নিরপেক্ষভাবে পরীক্ষা করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
  • লেখকের বয়স, লিঙ্গ, ধর্ম, জাতি, ভাষা, জাতীয়তা, অঞ্চল, পেশা, রাজনৈতিক মত বা ব্যক্তিগত পরিচয় সম্পাদকীয় সিদ্ধান্তকে প্রভাবিত করবে না—এই সিদ্ধান্তে অবিচল ও অঙ্গীকারবদ্ধ থাকা।

সম্পাদকীয় মূল্যায়নের নীতি

গবেষণামূলক প্রবন্ধ মূল্যায়নের ক্ষেত্রে সাধারণভাবে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচিত হয়—

  • প্রবন্ধের মূল বক্তব্য বিষয়ের মৌলিকতা
  • বিষয়বস্তুর গুরুত্ব ও প্রাসঙ্গিকতা;
  • গবেষণা-সমস্যা ও উদ্দেশ্যের স্পষ্টতা;
  • তাত্ত্বিক বা ধারণাগত কাঠামোর যথার্থতা;
  • গবেষণাপদ্ধতি ও তথ্যসংগ্রহের উপযুক্ততা;
  • বিশ্লেষণের গ্রহণযোগ্যতা;
  • ফলাফল উপস্থাপনের স্বচ্ছতা;
  • প্রাসঙ্গিক উদ্ধৃতি/ উৎসের মান;
  • উপসংহারে গৃহীত সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা;
  • ভাষা, বিন্যাস ও সামগ্রিক উপস্থাপনার গুণমান।

অন্যান্য রচনার ক্ষেত্রে বিবেচিত হয়—

  • মৌলিকতা ও সৃজনশীলতা;
  • ভাষাশৈলী ও সাহিত্যিক গুণমান;
  • রচনার কাঠামো;
  • বিষয়বস্তুর গভীরতা ও প্রাসঙ্গিকতা;
  • দৃষ্টিকোণ।

স্বার্থের সংঘাত

  • প্রধান সম্পাদক বা সম্পাদনা পর্ষদের কোনো সদস্যের সঙ্গে কোনো লেখকের ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক, গবেষণাগত বা পেশাগত সম্পর্ক থাকলে তিনি সংশ্লিষ্ট পাণ্ডুলিপির সম্পাদকীয় সিদ্ধান্ত বা পর্যালোচনা-প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না।
  • সম্পাদকমণ্ডলীর কোনো সদস্য নিজের লেখা ‘সমান্তর’-এ প্রকাশের জন্য বিবেচনার উদ্দেশ্যে জমা দিতে পারবেন তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট সদস্যকে সম্পাদকীয় প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বিরত রাখা হবে এবং স্বাধীন সম্পাদকীয় ব্যবস্থার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সম্পাদকীয় সিদ্ধান্ত

প্রয়োজনীয় সম্পাদকীয় মূল্যায়ন ও পর্যালোচনার পর সম্পাদনা পর্ষদ চূড়ান্ত প্রকাশ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। সম্পাদকীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

সম্পাদকীয় নীতির পরিবর্তন

সময়, প্রযুক্তি, আইনগত প্রয়োজনে অথবা প্রকাশনা সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম পরিবর্তিত হলে, সম্পাদকীয় পর্ষদ এই নীতিমালার সংশোধন, সংযোজন বা পরিমার্জনের অধিকার রাখে।