লেখার আঙ্গিক
(১)‘অন্যপাতা’-য় লেখা প্রকাশের জন্য পাণ্ডুলিপি অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড (.doc/.docx) ফাইল আকারে নির্ধারিত ই-মেল ঠিকানায় পাঠাতে হবে। এজন্য অন্যপাতার ওয়েবপৃষ্ঠায় ‘লেখা জমার ঘর’ শীর্ষক অংশটি দেখুন। আমাদের ‘পাণ্ডুলিপি নির্মাণশৈলী’ অনুসরণ করুন।
(২)একটি মাইক্রোসফট ওয়ার্ড (.doc/.docx) ফাইল আপনাকে তৈরি করতে হবে। ফাইলটির নাম দেবেন ইংরেজিতে আপনার নাম দিয়ে। ফাইলটিতে যথাক্রমে এই বিষয়গুলি থাকবে:
(ক) লেখার শিরোনাম (খ) লেখকের নাম পদবি (গ) সংক্ষিপ্তসার (ঘ) প্রকরণ (ঙ) লেখক পরিচিতি (চ) মোট শব্দসংখ্যা (ছ) ডাক-ঠিকানা (জ) ই-মেল (ঝ) ফোন নম্বর (ঞ) পুনরায় লেখার শিরোনাম (ট) মূললেখা (ঠ) উৎসপঞ্জি (প্রয়োজন হলে)।
মূললেখা হল আপনার লেখার মূল পাণ্ডুলিপিটি, যেখানে সম্পূর্ণ লেখাটি থাকবে। লেখক পরিচিতিটি হবে সর্বোচ্চ ১৫০ শব্দের। যদি ছদ্মনামে লিখতে চান তাহলে লেখকের নাম পদবি লেখার পর তার নিচে ‘ছদ্মনাম:....’ লিখুন। ছদ্মনামে লিখলে ‘ছদ্মনাম উপযোগী’ লেখক-পরিচিতি এবং লেখকের আসল নাম-পদবি সহ পরিচিতি—দুই-ই আমাদের পাঠাতে হবে।
(৩)নমুনা হিসেবে নিচে মাইক্রোসফট ওয়ার্ড (.doc/.docx)-এর একটি আদর্শ ফাইল এখানে দেওয়া হল। ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করবার পর, লিখিত অংশ মুছে, নিজের লেখা দিয়ে ভর্তি করুন।
লেখা পাঠাবার জন্য আদর্শ মাইক্রোসফট ওয়ার্ড (.doc/.docx) ফাইল এখান থেকে ডাউনলোড করুন।(৪)পাণ্ডুলিপি অবশ্যই ইউনিকোড-সমর্থিত বাংলা লিপিতে লিখতে হবে। চাইলে গুগলের লিপি ‘Noto Serif Bengali’ ব্যবহার করতে পারেন। এই লিপিটি আপনার কম্পিউটারে না থাকলে নিচের লিঙ্কটি থেকে লিপিটি ডাউনলোড করতে পারবেন এবং তারপর তা আপনার কম্পিউটারে ইনস্টল করে নিলে সহজেই এই ফন্টে টাইপ করতে পারবেন।
Noto Serif Bengali ফন্ট ডাউনলোড করুন(৫)গল্প, প্রবন্ধ ও উপন্যাসের ক্ষেত্রে ‘সারসংক্ষেপ’ (abstract) সংযুক্ত করতে হবে। গল্প ও প্রবন্ধের সারসংক্ষেপ সর্বোচ্চ ৫০০ শব্দের এবং উপন্যাসের সারসংক্ষেপ সর্বোচ্চ ১০০০ শব্দের হতে হবে। কবিতার, ছড়ার বা ১০০০ শব্দের কম কোনো রচনার সারসংক্ষেপ দেওয়ার দরকার নেই। আপনার লেখা সারসংক্ষেপের অংশবিশেষ বা সম্পূর্ণটিই, লেখাটির প্রচারার্থে বা পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য পরিচিতিমূলক প্রারম্ভকথা হিসেবে ব্যবহার করা হতে পারে।
(৬)বিভিন্ন ধরনের রচনার জন্য নিম্নলিখিত শব্দসীমা প্রযোজ্য হবে—
- উপন্যাস: সর্বোচ্চ ৫০০০০ শব্দ।
- গল্প, প্রবন্ধ-নিবন্ধ, বিচিত্র: সর্বোচ্চ ৩০০০ শব্দ।
- সিরিজ-এর লেখা: সব লেখা মিলিয়ে সর্বোচ্চ ১৫০০০ শব্দ।
- অনুগল্প: সর্বোচ্চ ৭০০ শব্দ।
বিশেষ ক্ষেত্রে সম্পাদকমণ্ডলী প্রয়োজন অনুসারে শব্দসীমার ব্যতিক্রমকে বিবেচনায় আনতে পারেন; এই বিষয়ে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
(৭)‘অন্যপাতা’-য় গৃহীত উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।
(৮)কবিতা ও ছড়া জাতীয় রচনার ক্ষেত্রে নির্দিষ্ট শব্দসংখ্যা বা পঙ্ক্তিসংখ্যার বাধ্যবাধকতা নেই। তবে একবারে সর্বাধিক পাঁচটি কবিতা বা সমজাতীয় রচনা (ছড়া বা প্যারডি) একটি ওয়ার্ড ফাইলে পাঠানো যাবে। দীর্ঘ কবিতা, আখ্যানকাব্য পাঠাতে চাইলে একটিই পাঠাবেন।
(৯)‘অন্যপাতা’-য় কোনো একটি সিরিজ শুরু করতে চাইলে, সিরিজের প্রস্তাব আমাদের পাঠাতে পারেন। অন্তত পাঁচটি লেখা ও তিনজন লেখক না থাকলে সিরিজ হবে না। এক্ষেত্রে ‘লেখা জমার ঘর’-এ গিয়ে লেখাটি আপলোড করবেন। ‘মূললেখা’ শীর্ষক মাইক্রোসফট ওয়ার্ড (.doc/.docx) ফাইলটিতে প্রথম পৃষ্ঠায় একটি সূচিপত্র থাকবে। তারপর পরপর লেখাগুলি দেবেন। সিরিজের ক্ষেত্রে সারসংক্ষেপের বদলে সিরিজটির মূল ধারণা লিখুন। লেখক পরিচিতি-তে সব লেখকের পরিচয়-ই দিতে হবে। সিরিজের লেখা আপলোড করার আগে, নিচের ওয়ার্ড ফাইলটি দেখুন:
সিরিজের লেখা পাঠাবার জন্য আদর্শ মাইক্রোসফট ওয়ার্ড (.doc/.docx) ফাইল এখান থেকে ডাউনলোড করুন।এই ওয়ার্ড ফাইলটির কাঠামো অনুসরণ করে লেখা পাঠান।
(১০)প্রয়োজনে প্রকাশের সময় সিরিজের কোনো এক বা একাধিক লেখা সম্পাদকমণ্ডলী বাদ দিতে পারেন, সম্পাদনা করতে পারেন।
(১১)কোনো একটি সিরিজের ক্ষেত্রে সিরিজের প্রথম লেখাটির লেখককেই আমরা প্রধান যোগাযোগকারী লেখক হিসেবে ধরব। তবে যদি এমন হয় যে, সম্পাদকীয় বিবেচনায় প্রথম লেখাটি বাদ দিয়ে সিরিজ প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সূচিপত্রের ক্রমে পরবর্তী লেখককেই যোগাযোগকারী লেখক হিসেবে গণ্য করা হবে।
(১২)পাণ্ডুলিপি গ্রহণ, সম্পাদকীয় মূল্যায়ন, সংশোধন-সংক্রান্ত পরামর্শ, প্রকাশ-সংক্রান্ত সিদ্ধান্ত এবং অন্যান্য সকল আনুষ্ঠানিক যোগাযোগ কেবলমাত্র ই-মেলের মাধ্যমে সম্পন্ন হবে। বিশেষ প্রয়োজনে সম্পাদকমণ্ডলীর সদস্যরা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করলেও, সম্পাদকীয় সিদ্ধান্তের আনুষ্ঠানিক মাধ্যম হিসেবে ই-মেলকেই চূড়ান্ত বলে গণ্য করতে হবে।
(১৩)প্রবন্ধে ব্যবহৃত সব উদ্ধৃতি, তথ্যসূত্র ও উৎসনির্দেশ আমাদের পাণ্ডুলিপি নির্মাণশৈলী অনুসারে উপস্থাপন করতে হবে। সব ক্ষেত্রেই অন্ত্যটীকা (endnote)-পদ্ধতি ব্যবহার করতে হবে।
(১৪)প্রকাশের জন্য প্রেরিত প্রতিটি রচনা সম্পূর্ণ মৌলিক হতে হবে এবং পূর্বে মুদ্রিত, বৈদ্যুতিন বা অন্য কোনো মাধ্যমে প্রকাশিত হওয়া চলবে না। একই সঙ্গে অন্য কোনো পত্রিকা বা প্রকাশনার সম্পাদকীয় বিবেচনার জন্যও রচনাটি প্রেরিত থাকা উচিত নয়, যদি না সংশ্লিষ্ট সম্পাদকদের পূর্বানুমতি থাকে।
(১৫)লেখক তাঁর রচনার মৌলিকতা, ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি এবং মেধাস্বত্ব-সংক্রান্ত সকল বিষয়ের জন্য দায়ী থাকবেন। কুম্ভীলকবৃত্তি (plagiarism), স্ব-কুম্ভীলকবৃত্তি (self-plagiarism), দ্বৈত প্রকাশ (duplicate publication) অথবা প্রকাশনা-নীতির অন্য কোনো ধরনের লঙ্ঘন বিষয়ক অভিযোগ প্রমাণিত হলে সম্পাদকমণ্ডলী রচনাটি প্রত্যাখ্যান, প্রত্যাহার অথবা ভবিষ্যতে সংশ্লিষ্ট লেখকের লেখা প্রকাশ না করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
(১৬)পাণ্ডুলিপি প্রাপ্তির পর সম্পাদকীয় মূল্যায়ন-প্রক্রিয়া সম্পন্ন হলে লেখককে ই-মেলের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে। যদি পাণ্ডুলিপি প্রেরণের দু’মাসের মধ্যে অন্যপাতার পক্ষ থেকে কোনো উত্তর না পান, তবে ধরে নিতে হবে যে উক্ত পাণ্ডুলিপিটি প্রকাশের জন্য মনোনীত হয়নি। বিশেষ পরিস্থিতিতে সম্পাদকীয় মূল্যায়ন-প্রক্রিয়া দীর্ঘায়িত হলে আমাদের সম্পাদনা পর্ষদের তরফ থেকে, প্রয়োজন অনুসারে, লেখককে অবহিত করা হবে।
(১৭)পিডিএফ (PDF), ইমেজ, স্ক্যানকৃত নথি, হাতে-লেখা পাণ্ডুলিপি অথবা ইউনিকোড-বহির্ভূত বর্ণসংস্থাপনে প্রস্তুত কোনো পাণ্ডুলিপি সম্পাদকীয় মূল্যায়নের জন্য গ্রহণ করা হবে না।
(১৮)‘অন্যপাতা’-য় প্রকাশিত রচনার সংযোগ (link) লেখক সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যে-কোনো বৈধ মাধ্যমে অবাধে প্রচার ও শেয়ার করতে পারবেন। তবে অন্যপাতায় প্রথম প্রকাশের চার মাসের মধ্যে, সম্পাদকমণ্ডলীর পূর্বানুমতি ব্যতীত একই রচনা অন্য কোনো বৈদ্যুতিন বা আন্তর্জালিক মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে প্রকাশক ‘ভবিষ্যতে এই লেখকের লেখা প্যারালালের কোনো মাধ্যমে প্রকাশ করা হবে না’ এমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
(১৯)সম্পাদকীয় মূল্যায়ন-প্রক্রিয়ার অংশ হিসেবে ‘অন্যপাতা’ প্রয়োজন অনুসারে পাণ্ডুলিপির ভাষা, বানান, ব্যাকরণ, যতিচিহ্ন, উৎসনির্দেশ, বিন্যাস, শৈলী ও প্রকাশ-উপযোগিতা নিশ্চিত করার জন্য সম্পাদনাগত সংশোধন করতে পারবেন।
(২০)তবে রচনার বক্তব্য, বিশ্লেষণ, তথ্য, সাহিত্যিক গঠন বা বিষয়বস্তুর মৌলিক বৈশিষ্ট্যে প্রভাব ফেলতে পারে—এমন কোনো গুরুত্বপূর্ণ সম্পাদনা লেখকের পূর্বানুমতি ব্যতীত করা হবে না। এ ধরনের ক্ষেত্রে সংশোধনের প্রস্তাব লেখককে অবহিত করা হবে এবং তাঁর সম্মতিক্রমেই সম্পাদিত রচনাটি প্রকাশিত হবে।
(২১)‘অন্যপাতা’ একটি স্বাধীন, অলাভজনক (non-profit) সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাভিত্তিক আন্তর্জালিক পত্রিকা। বর্তমানে, পত্রিকায় প্রকাশিত রচনার জন্য লেখকদের সম্মানদক্ষিণা প্রদান করা আমাদের পক্ষে সম্ভব নয়। ভবিষ্যতে এ বিষয়ে নীতিগত পরিবর্তন হলে তা পৃথকভাবে ঘোষণা করা হবে।
(২২)পাণ্ডুলিপি নির্মাণের বিষয় জানতে চাইলে বা উৎসনির্দেশ করতে হলে আমাদের ‘পাণ্ডুলিপি নির্মাণশৈলী’ অনুসরণ করুন। (‘সমান্তর’ পত্রিকার ওয়েবপৃষ্ঠায় ‘লেখকদের জন্য’ শীর্ষক অংশের ‘পাণ্ডুলিপি নির্মাণশৈলী’ দেখুন)