প্যারালালের একটি পরিসর
প্রেসঅন্যপাতাযোগাযোগ
সমান্তর
সমান্তর
সংখ্যালেখকসূচী
উদ্দেশ্য ও পরিধি
প্যারালাল

সময়ের✦সমান্তরালে...

যোগাযোগ

  • [email protected]
  • +91 90023 14842
  • হোয়াটসঅ্যাপ
  • যোগাযোগ ফর্ম →

সমান্তর

  • সংখ্যা
  • পরিচিতি
  • সম্পাদকের দপ্তর
  • লেখকদের জন্য
  • নীতি

দপ্তর

  • পত্রসূচনা
  • নিয়মকানুন
  • লেখা পাঠাতে চাইলে

© ২০২৬ প্যারালাল। সর্বস্বত্ব সংরক্ষিত।·গোপনীয়তা নীতি·ব্যবহারের শর্তাবলী

✦ডিজাইন ও ডেভেলপমেন্ট — রাফি আহমেদ লস্কর

  1. প্যারালাল
  2. সমান্তর
  3. সংখ্যাভুক্ত লেখা
  4. আত্মকথা ও অন্যান্য কবিতা
কবিতা ও ছড়া · বাস্তবধর্মী, রূপক

আত্মকথা ও অন্যান্য কবিতা

হারিয়ে যাওয়া, থেকে যাওয়া এবং তাদের মাঝখানে জন্ম নেওয়া স্মৃতির এক অদৃশ্য ভূগোল কখনও শব্দে, কখনও স্বপ্নে, কখনও রাগে, কখনও দাগে—কবি খুঁজে ফেরেন। এখানে সৌন্দর্যের পাশে নিঃশব্দে বসে থাকে বিষণ্ণতা, আকাঙ্ক্ষার পাশে অনিবার্য দূরত্ব, আর শৈল্পিক সৌন্দর্যের আড়ালে উঁকি দেয় জীবনের ক্ষত। সে চলে যায় রেখে যায় ক্ষীণ অথচ গভীর কোনো চিহ্ন। হাঁসের চলে যাওয়া পথের মতো—দাগ মুছে যায়, অথচ কোনো একদিন সেই জলের বুকেই শালুক ফুটে ওঠে।

সত্যসাধন মণ্ডলের প্রতিকৃতি
সত্যসাধন মণ্ডল
২১ সেপ্টেম্বর, ২০২৬
ডাউনলোড
শেয়ার করুন
আত্মকথা ও অন্যান্য কবিতা প্রচ্ছদসংখ্যা ১
লেখার আকার
সূচিপত্র
  1. আত্মকথা
  2. ময়ূর
  3. বিজয়া দশমী, ১৪৩২
  4. পাঠক
  5. দাগ

আত্মকথা

যৌবনের শুরুর দিনগুলোতে কীভাবে যেন নিয়তি-নির্দেশিত কুহকে পথ-ভুলে একটা যাদু-জগতে ঢুকে পড়েছিলাম। তারপর থেকে বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই কেমন রঙ পাল্টে পাল্টে বে-চ্যান করে তোলে। দেখি ধ্বনির ভেতরে স্বর-ব্যঞ্জন ঘুমিয়ে থাকে। সোনার কাঠি খুঁজে এনে ছুঁইয়ে দিতে হয়। সে এক অতলপুরী। সেখানে শব্দের ভেতরে থাকে জল। কলসি ডুবিয়ে দেখি কলসির ভেতরে জল বাইরেও জল। এই মায়া নিরন্তর আচ্ছন্ন করে রাখে। দুটিমাত্র কান সহস্র শ্রুতিসামর্থ্যে প্রখর হয়ে থাকে। শুনতে পাই বহুচারিণী কবিতার সঙ্গলিপ্সার আর্তি। মুক্তি কীসে? মাটি নিয়ে লীলাখেলা-করা কাজ। তাই মৃণ্ময়ী প্রতিমা নির্মাণে প্রতিটি খাঁজ রচনায় শিল্পী কীভাবে দমন করে শ্বাস—সে কৌশল আমি বুঝতে চেষ্টা করেছি। চোখ বন্ধ করলে স্পষ্ট হয়ে ওঠে মূর্তির নিকট রূপ। ভয় পেয়ে চোখ খুলে ফেলি। তারপর  রক্ত-মাংস-স্বেদ-এর উপর অঞ্চল টেনে দিই, দিব্য-তিলকে ললাট লিখি। এর বাইরে আর কিছু দেখিনি আমি। কিছুই দেখিনি আর। 


ময়ূর

সব ধান কেটে নেওয়ার পর ধানক্ষেত ভরে ওঠে সোনালী অভাবে—সেইটুকু আমার কথা; পাখপাখালি খুঁটে খুঁটে খায়। গতজন্ম থেকেই আমি কথা বলতে পারিনা সেভাবে। যা-কিছু বাকি রয়ে গেছে তা সুগন্ধি ক্ষমার মতো সন্ধের আকাশ। ওই আকাশে তোমার মৃতবৎ মুখের আদলে একটা ফোলা-ফাঁপা চাঁদ ওঠে। স্বপ্নে তোমার মৃত্যুর কথা আমি কাউকে বলতে পারিনা।

বলতে পারি না স্বপ্নে কেমন করে দেখে ফেলি গভীর জঙ্গলে যুযুধান সাপ আর ময়ূর; সেই সাপ ডিঙিয়ে আমি ময়ূরের কাছাকাছি যেতে পারছি না কিছুতেই। ময়ূর আমার ঈপ্সিত। পালকও আমার ঈপ্সিত। অথচ ওই সাপ! আঁতকে উঠে ঘুম ভেঙে যায়। এতকিছুর পর আমি সত্যিই কথা বলতে পারি না আর।

আমার হয়ে আজকাল ভরপুর বেঁচে আছে অন্য আর এক জন।
লোকটা খেটেখুটে অন্ধত্ব উপার্জন করেছে ভিখারি হবে বলে।
সে পার্কে এসে হারমোনিয়াম বাজিয়ে গান গায়।
দেখা পেলে তাকে দুটো পয়সা দিও তুমি। 
আমি ওর খুচরোর ভেতর ঠুনকো করুণা হয়ে
বেঁচে থাকি রোজ


বিজয়া দশমী, ১৪৩২

সবুজাভ শাড়ি ঈষৎ-নম্র রঙে ঘিরেছে কমনীয় দেহলতা; ভঙ্গিমাটি মরালশ্রেণির 
সাদা শেমিজে আধেক-প্রকাশ সুডৌল গৌর-কোমল বাহুদুটি; 
তবু যা পড়েনি চাপা ইতস্তত গৌর-আক্ষেপ—গৌর-আক্ষেপ তার মণিবন্ধদুটি 
পক্ববিম্ব ওষ্ঠাধরে মনোলোভা ভরাট মুখখানি যেন মোমের শিখা: শান্ত দহন

ঠিক মধ্যিখানে, তার ললাটরেখা-’পরে
একবিন্দু কৃষ্ণ 
তথা কৃষ্ণময় টিপ

এমন সুন্দর মেয়ে ‌আমাদের ঈপ্সিত

এমন কালো-টিপ-পরা মেয়ে
আমাদের ঈপ্সিত সুচারু দুঃখের মতো


পাঠক

আর্ট কলেজের একটি ছেলে একমনে প্লাটফর্মে বসে ছবি আঁকছে। ছবির সাবজেক্ট ওর সামনেই কিছুটা দূরে শুয়ে-থাকা একটা কুকুর; কুকুরটার গা-ভর্তি দগদগে ঘা। একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে ছবি। পাশে বসে আর-একটা লোক উদগ্রীব হয়ে চকচকে চোখে ছবি-আঁকাটা লক্ষ করছে অনেকক্ষণ থেকে। একসময় রঙে রঙ মিলিয়ে আর্ট-পেপারে জ্যান্ত হয়ে উঠল ঘেয়ো কুকুরটা। পাশে-বসা লোকটা যেন কিছুটা আনমনেই বলে উঠল, ‘বাহ্ চমৎকার!’


দাগ

হাঁস চলেছে পুকুরে
মাঝেমাঝে ডুব দিয়ে তুলে আনছে একটা-দু’টো শামুক-গুগুলি
তারপর আবার ভেসে চলেছে সামনে

যত এগিয়ে যাচ্ছে পিছুপিছু মিলিয়ে যাচ্ছে দাগ

এইসব দাগ থাকে না
হাঁসও থাকে না একদিন

শুধু তার চলে-যাওয়া পথ মনে রেখে
জলের বুকে 
মাঝেমধ্যে একটা-দুটো শালুক ফুটে ওঠে

শেয়ার করুন
পরের লেখাতুলি-কলমের জাদুকর অবনীন্দ্রনাথ ঠাকুর
সত্যসাধন মণ্ডলের প্রতিকৃতি

লেখক সম্পর্কে

সত্যসাধন মণ্ডল

বিশ্বভারতীর প্রাক্তনী। লেখার বিষয় মূলত কবিতা। পত্র-পত্রিকা ও ফেসবুকে নিয়মিত লেখালেখি করেন। ইতিপূর্বে ‘উর্ণপত্র’ থেকে প্রকাশিত হয়েছে ‘ঈশ্বরের জন্য লেখা কবিতা’ নামে একটি কাব্যগ্রন্থ। তাঁর ঘোষণা অনুসারে—মানুষ আর সাপে ভয় পান, প্রাতিষ্ঠানিক ভূত-ভগবানের বিষয়টি বুঝতে পারেন না এবং উপনিষদ মানেন।

এই লেখকের সব লেখা দেখুন →

সংখ্যা ১-এর অন্যান্য লেখা

তুলি-কলমের জাদুকর অবনীন্দ্রনাথ ঠাকুর প্রচ্ছদসংখ্যা ১
সংস্কৃতি · শিল্পকলা, পর্যালোচনা

তুলি-কলমের জাদুকর অবনীন্দ্রনাথ ঠাকুর

আবীর কর·২০ সেপ্টেম্বর, ২০২৬
শিল্পকলাপর্যালোচনাআলোচনা