উদ্দেশ্য ও পরিধি
সূচিপত্র
উদ্দেশ্য
“গল্প কবিতা নাটক নিয়ে বাংলা সাহিত্যের পনেরো-আনা আয়োজন। অর্থাৎ ভোজের আয়োজন, শক্তির আয়োজন নয়।” (শিক্ষার বিকিরণ, রবীন্দ্রনাথ ঠাকুর)
সাহিত্য, সংস্কৃতি ও মননচর্চাকে কেন্দ্র করে সৃজনশীলতার এক যৌথ পরিসর নির্মাণের নিরন্তর প্রয়াস ‘অন্যপাতা’। এটি বাংলা ভাষায় প্রকাশিত একটি আন্তর্জালিক সাহিত্য পত্রিকা, যেখানে গল্প, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ ও বিচিত্র রচনা সমান গুরুত্ব-সহ প্রকাশিত হয়।
মানুষ, সমাজ, সভ্যতা ও সংস্কৃতি নিয়ে সহজবোধ্য আলোচনা-সমালোচনার পাশাপাশি বাংলা ভাষায় উচ্চমানের সাহিত্যচর্চার একটি মুক্তাঞ্চল গড়ে তোলাই ‘অন্যপাতা’-র লক্ষ্য। আমাদের দৃষ্টিভঙ্গিতে, চিন্তাচর্চা ও সাহিত্যচর্চা পরস্পরের পরিপূরক।
‘অন্যপাতা’ বাংলা ভাষায় দায়িত্বশীল ও সৃজনশীল সাহিত্যচর্চার এক বহুস্বর-পরিসর গড়ে তুলতে চায়। এর প্রকাশক প্যারালাল প্রেস মৌলিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল প্রকাশনা-চর্চায় বিশ্বাসী।
পরিধি
চিত্রনাট্য এবং নাটক তো আসলে ‘পারফর্মিং আর্ট’ বা ‘পরিবেশনশিল্প’ বা ‘আনুষ্ঠানিক শিল্পকলা’; আপাতত এই দুই ধারার রচনা ‘অন্যপাতা’-য় গ্রহণ করা হয় না। তবে এর বাইরে সাহিত্যের প্রায় সব সংরূপের জন্যই পত্রিকার দ্বার উন্মুক্ত। উপন্যাস, উপন্যাসিকা, বড়োগল্প, ছোটগল্প, ছোট্টগল্প/ অনুগল্প/ গল্পস্বল্প, কবিতা, ছড়া, প্যারডি, রঙ্গব্যঙ্গমূলক রচনা, ভ্রমণকথা, প্রবন্ধ—‘অন্যপাতা’-র বিষয়-পরিসর অত্যন্ত বিস্তৃত।
রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, দর্শন, প্রত্নতত্ত্ব, সমাজতত্ত্ব, বিজ্ঞান, ভূবিজ্ঞান ও পরিবেশ বিষয়ে সহজবোধ্য, আলোচনামূলক ও সাধারণ পাঠকের উপযোগী প্রবন্ধ-নিবন্ধই ‘অন্যপাতা’-র প্রবন্ধ বিভাগের পরিসর। এই ধরনের রচনায় অপ্রয়োজনীয় প্রতীক, গাণিতিক সমীকরণ ও দুর্বোধ্য পরিভাষার ব্যবহার যথাসম্ভব পরিহার করা বাঞ্ছনীয়।
ধারাবাহিকভাবে যেসব লেখা প্রকাশিত হয়, ‘ধারাবাহিক’ বিভাগটি তারই সংকলন। অন্তত পাঁচটি লেখা ও তিনজন লেখক নিয়ে গড়ে ওঠা বিষয়ভিত্তিক ‘সিরিজ’-ও এই বিভাগেরই একটি রূপ (দ্রষ্টব্য ‘লেখার আঙ্গিক’)।
বিষয়-পরিধি
১.কথা ও কবিতা
- কথাসাহিত্য: উপন্যাস, উপন্যাসিকা, বড়োগল্প, ছোটগল্প, গল্পস্বল্প/ অনুগল্প
- কাব্যসাহিত্য: কবিতা, ছড়া, দীর্ঘ কবিতা, প্যারডি
২.প্রবন্ধ-নিবন্ধ
রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, দর্শন, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ভাষা ও সাহিত্য, গণমাধ্যম, বিজ্ঞান, ভূবিজ্ঞান, পরিবেশ, মনোবিজ্ঞান, শিক্ষাচিন্তা—এই বিষয়গুলি নিয়ে সহজবোধ্য, আলোচনামূলক প্রবন্ধ-নিবন্ধ।
৩.বিচিত্র
- আলোচনা-সমালোচনা: গ্রন্থ, চলচ্চিত্র, তথ্যচিত্র, থিয়েটার, পথনাটক, যাত্রা, ওয়েব সিরিজ, সংগীত, নৃত্য, চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্র, কমিকস ও গ্রাফিক নভেল, লোকসংস্কৃতি, স্থাপত্য, প্রদর্শনী, ডিজিটাল সংস্কৃতি
- রঙ্গব্যঙ্গ ও ভ্রমণকথা
- সহজবোধ্য বিজ্ঞান, বিজ্ঞানচিন্তা, বিজ্ঞানের ইতিহাস ও দর্শন, প্রযুক্তি, পরিবেশ, জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন